মোঃ আবু জাফর মন্ডল,গাইবান্ধা
গাইবান্ধায় ভোটার হতে এসে রোহিঙ্গাসহ তিনজন যুবক আটক। ভুয়া কাগজপত্র তৈরি করে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ভোটার নিবন্ধন কার্ড করতে এসে রোহিঙ্গা যুবকসহ তিনজনকে আটক করা হয়েছে। সংবাদের বিবরণে জানা যায় সোমবার ২ রা ডিসেম্বর সকালে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে । এর পূর্বে গত রবিবার দুপুরে সাদুল্লাপুর উপজেলা নির্বাচন অফিস কার্যালয় থেকে থানা পুলিশ তাদেরকে আটক করে।আটককৃতরা হলেন, রোহিঙ্গা যুবক নুরুল আমিন (২৪)। তিনি কক্সবাজার বালুখালি ৯নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা লালু মিয়ার ছেলে। এছাড়া তার সহযোগি তায়েফ সরকার (২৩) সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবান্দি গ্রামের আশরাফুল ইসলাম সরকারের ছেলে এবং জীবন কৃষ্ণ সরকার (৩৪) তিনি তরফ কামাল গ্রামের রঞ্জিত চন্দ্র বর্মনের ছেলে। সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোমেন হোসেন জানান,গত রবিবার দুপুরে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য রোহিঙ্গা যুবক ও স্থানীয় দুইজন ব্যক্তিকে সাথে নিয়ে তার নির্বাচন কার্যালয়ে আসেন। তারা রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের ভোটার হওয়ার জন্য আবেদন নিয়ে আসে। আবেদনে শিক্ষাগত যোগ্যতা না থাকায় তাদের আচার-আচরণ ও কথাবার্তায় সন্দেহভাজন হয়। এ সময় নাগরিকত্ব ও চারিত্রিক সনদ পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা কালে ভুয়া বলে প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা যুবক তার সঙ্গে থাকা দুই যুবকের সহায়তায় ভোটার হতে আসেন বলে স্বীকার করে। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। আটকদের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে মামলার তদন্তকারী অফিসার সাদুল্লাপুর থানার এসআই আবু হাসনাত জামান এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে নির্বাচন অফিসার বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আটকদের আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।