মোঃ সাইফুল্লাহ, ইবি প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখার উদ্যোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের চান্সপ্রাপ্ত নবীন শিক্ষার্থীদের নিয়ে ‘নবীন বরণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০২৪) কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীতে এই আয়োজন করা হয়।অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মুহাম্মদ আবু মুসার সভাপতিত্বে ও সেক্রেটারি মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুষ্টিয়ায় পুলিশের গুলিতে শহীদ আব্দুল্লাহ আল মোস্তাকিমের পিতা লোকমান হোসাইন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ইবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সাদ্দাম হোসেন হল প্রভোস্ট ও বায়েটোকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-যশোর শাখার টিম সদস্য ও কুষ্টিয়া জেলার সাবেক আমির অধ্যক্ষ এ কে এম আলী মহসিন, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও ইবি অঞ্চলের তত্বাবধায়ক সুহাইল , কুষ্টিয়া শহর শাখার সভাপতি সেলিম রেজা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। উপস্থিত নবীনদের মাঝে উপহার হিসেবে ইসলামী ছাত্রশিবিরের নাম লেখা চাবির রিং, কলম, টেবিল ক্যালেন্ডার, সংক্ষিপ্ত পরিচিতি এবং কিছু বই উপহার দেওয়া হয়। প্রধান অতিথি মঞ্জুরুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমরা ফ্যাসিস্ট সরকার থেকে রক্ষা পেয়েছি। বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষার্থীরা সৎ ও দক্ষ হিসেবে গড়ে তুলতে এবং অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম অব্যাহত থাকবে।