চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক ও পাশের ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে মহাসড়কে অবৈধ যান চলাচল প্রতিরোধে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে। এ সময় মহাসড়কের পাশের ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ, মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী থ্রি-হুইলার ও কাগজপত্র বিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মিয়াবাজার হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্রগ্রাম জাতীয় মহাসড়ক ও পাশের ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে গত সপ্তাহে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জনস্বার্থে প্রচারনা করা হয়েছিল। প্রচারনা শেষে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকা সহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে মিয়াবাজার হাইওয়ে পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় যানবাহন চলাচলের সময় সড়ক আইন ভঙ্গের দায়ে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ২৫ টি মামলা করা হয়। যৌথ বাহিনীর অভিযানে উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর রিফায়েত তারেক মজুমদার, হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো: হাসান, মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো: নজরুল ইসলাম সহ সেনাবাহিনীর অফিসার,পুলিশ ও সেনা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জসিম উদ্দিন বলেন, ‘মহাসড়ক ও পাশের ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং থ্রি-হুইলার বন্ধে যৌথবাহিনী সোমবার বিশেষ অভিযান পরিচালনা করেছে। এ সময় যানবাহনের ২৫টি মামলা দায়ের করা হয়েছে। মহাসড়ক অবৈধ দখল ও যানজটমুক্ত রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।