এরশাদ আলম, নীলফামারী
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসায় জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে এইচ পি ভি ক্যাম্পেইন উপলক্ষে টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ শে অক্টোবর) সকালে রনচন্ডী বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসার হলরুমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফউজ্জামান সরকার। এ সময় উপস্থিত ছিলেন রনচন্ডী বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোজাফফর হোসেন, সহকারী শিক্ষক মো: সাদেক হোসেন, আবুল হোসেন, মাওলানা আবদুল্লাহ সহ সকল শিক্ষক/শিক্ষিকা, অবিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। উক্ত মাদ্রাসায় উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে ১০ থেকে ১৪ বছর বয়সী ১ শত ৯১ জন শিক্ষার্থীকে এইচ পি ভি টিকা প্রদান করা হয়।