বাঁশখালী প্রতিনিধি
বাঁশখালীতে মাওলানা নেজাম উদ্দিন নামের এক শিক্ষককে কুপিয়ে জখম করার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেম বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) পেয়ার আহমেদ। গ্রেপ্তারকৃতরা হলেন গোলাম কাদের ও মো. ওসমান গণী। এর আগে, ২১ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে পূর্ব শত্রুতার জেরে পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ি এলাকায় মাদ্রাসা শিক্ষক নেজাম উদ্দিনের বাড়িতে ঢুকে একদল লোক হামলা চালায়। অভিযুক্তরা ধারালো কিরিচ দিয়ে তাকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এই হামলার পর ভুক্তভোগী নেজাম উদ্দিন ৪ জনকে আসামি করে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন। নেজাম উদ্দিন, চাঁদপুর কাদেরিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক, এবং একই এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, “মাদ্রাসা শিক্ষক নেজাম উদ্দিনের ওপর হামলার ৭২ ঘণ্টার মধ্যে দুই আসামিকে আইনের আওতায় আনা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।