বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে স্বাধীনতার মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১ আগষ্ট -২০২৪) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী’র সভাপতিত্বে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়ার বিষয়ে সকল দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তুতি মূলক সভায় বীর মুক্তিযোদ্ধা প্রেমানন্দ রায়, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ জুলফিকার আলী শাহ্, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির বীরগঞ্জ জোনালের ডিজিএম ফেরদৌস আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মামুন হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছানাউল্লাহসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, চিত্রাংকন প্রতিযোগীতা, বঙ্গবন্ধুর জীবনী প্রচার, মসজিদ, মাদ্রাসা, মন্দির, গীর্জায় বিশেষ প্রার্থনা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সিন্ধান্ত গ্রহীত হয়।