বামনা (বরগুনা) প্রতিনিধি
বর্ষাকালের মাঝামাঝি সময়ে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। আষাঢ়ের শুরুর দিকে বৃষ্টি সেভাবে না হলেও চলতি সপ্তাহের শুরু থেকে ঝরছে অঝোর ধারায় বৃষ্টি। গত রবিবার এইচএসসি পরীক্ষা শুরুর দিনে পরীক্ষার্থীদের ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি। আজও (মঙ্গলবার) একই পরিস্থিতি।বরগুনার বামনা উপজেলার হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে পরীক্ষার্থীরা। তাদের অনেকের কাছেই ছাতা নেই। সবাই বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরছে। কারও এডমিট কার্ড ভিজে যাচ্ছে আবার কারও জামা-কাপড়, এতে করে তাদের অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা প্রবল। আবার কেউ দীর্ঘ সময় অপেক্ষা করছে বৃষ্টি থামার জন্য। সব মিলিয়ে বর্ষা মৌসুমে পরীক্ষা হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীরা।অবশ্য বৃষ্টির কারণে কোথাও পরীক্ষা নিতে সমস্যা হলে বাড়তি সময় দেওয়ার নির্দেশনা আছে। শুধু তাই নয়, পরীক্ষার কেন্দ্রও প্রয়োজনে আগে খুলে দেওয়ার নির্দেশনা আছে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে। রবিবারের পরীক্ষায় বৃষ্টি বাগড়া দেওয়ায় ভোগান্তির বিষয়টি গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। ওই দিনই বৃষ্টির বিষয়টি মাথায় রেখে কিছু জরুরি নির্দেশনা দেওয়া হয়।এদিকে, আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সূত্রে আরও জানা গেছে, আগামী কয়েকদিন সারাদেশে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।