বাকৃবি সংবাদদাতা
দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় এবারের কৃষি গুচ্ছ পরীক্ষার নেতৃত্বে রয়েছে।মঙ্গলবার (২ জুলাই) কৃষি গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (https://acas.edu.bd) আসনবিন্যাসটি প্রকাশ করা হয়। ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২০ জুলাই শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেশের ১১টি কেন্দ্র ও উপকেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। সর্বমোট ৩ হাজার ৭১৮টি আসন নিয়ে কৃষিগুচ্ছের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার আসন সংখ্যা বেড়েছে ১৭০টি। এবারের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা ৭৫ হাজার ১৬ জন।ভর্তি বিষয়ক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১১১৬টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৮টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে ২৭০টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০টি আসন রয়েছে। এবার নতুন করে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন পাওয়া কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ও গুচ্ছে যুক্ত হয়েছে যেখানে বিগত বছরগুলোতে আটটি বিশ্ববিদ্যালয় নিয়ে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতো।