চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লায় চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অভিযান চালিয়ে পিকআপভ্যান আটকে পান বোঝায় ঝুড়ি থেকে লুকানো অবস্থায় ৫৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক বহনকারী পিকআপ ও দুইটি মোবাইল জব্দ করা হয়। পরে ইয়াছিন (২৭) নামে পিকআপ ভ্যানটির চালককে গ্রেফতার করে পুলিশ। রোববার (১৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা। এরআগে শনিবার (১৫ জুন) ভোরে ঘোলপাশা যুগিরখিল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান করে মাদক জব্দ করা হয়। এসময় চালক-হেলপার ও ৩ মাদককারবারি পালিয়ে গেলেও পরে অভিযান চালিয়ে পিকআপ চালককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদক চালানের খবর পায় পুলিশ। পরে চৌদ্দগ্রাম থানার ৬ নম্বর ঘোলপাশা যুগিরখিল এলাকার চেকপোস্টের মাধ্যমে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে একটি পিকআপভ্যানের সামনে বসা ড্রাইভার, হেলপার এবং পেছনে থাকা ৩ জন পিকআপভ্যান থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে পিকআপ ভ্যানটি তল্লাশি করে গাড়ির পেছনে থাকা একটি পান ভর্তি ঝুড়ির ভেতর থেকে ৫৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা সময় সংবাদকে বলেন, ‘প্রযুক্তি ব্যবহার করে পিকআপ ভ্যানের চালক ইয়াছিনকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে থাকা আরও ৪ জনকে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে ইয়াছিনকে কারাগারে পাঠানো হয়েছে।