মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
নীলফামারীর ডোমারে ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ৪৮ হাজার শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে ‘জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২৪’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে জাতীয় পুষ্টিসেবার বাস্তবায়নে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত ‘জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন’ এর উদ্বোধন করেন, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান ফার্মাসিস্ট সরকার ফারহানা আখতার সুমি। ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারীর সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায় প্রমুখ সহ স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উদ্বোধনী আলোচনা সভা শেষে মূল ইপিআই কেন্দ্রের আওতায় বয়সভেদে শিশুদেরকে ভিটামিন-এ লাল ও নীল ক্যাপসুল খাওয়ান অতিথিরা। ক্যাম্পেইনের ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী জানান, এবার ৬-১২ মাস বয়সী ৫ হাজার ২০০ জন শিশুদের ভিটামিন ‘এ’ নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৪২ হাজার ৮০০ জন শিশুকে ভিটামিন-‘এ’ লাল ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ক্যাম্পেইন পরিচালনায় একটি স্থায়ী এবং ২৪০টি সাব-ব্লকে ৪৮২ জন কর্মী, ৯০ জন প্রথম সারির সুপারভাইজার এবং ৬ জন দ্বিতীয় সারির সুপারভাইজার নিয়োজিত দায়িত্ব পালন করছেন।