মোঃ আসাদুজ্জামান আজাদ, শেকৃবি সংবাদদাতা
ছাত্রীদের পোষাক নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগ উঠেছে কৃষি অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. অশোক কুমার ঘোষের বিরুদ্ধে। এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে। জানা যায়, অনুষদভিত্তিক বিভিন্ন কার্যক্রম ও ট্যুরের বিষয়ে আলাপচারিতার জন্য ২০২২-২৩ শিক্ষাবর্ষের শ্রেণিকক্ষে যান ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। এ ঘটনায় অনুষদের ডিন ড. অশোক কুমার ঘোষ গত ১৩ মে ২১-২২ সেশনের শ্রেণীকক্ষে গিয়ে বলেন, “তোরা কেন যাস আমি জানি না? মেয়েদের ফিগার দেখতে যাস? পাতলা কাপড়ের নিচে ব্রা এর স্ট্রিপ দেখতে যাস?” মন্তব্যের জের ধরে ১৫ মে শিক্ষার্থীরা প্রতিবাদ জানায় এবং তার কাছে এ ঘটনার ব্যাখ্যা চায়। জবাবে তিনি ঘটনা অস্বীকার করেন এবং এসব কথার কোন রেকর্ড আছে কিনা জানতে চান সাথে শিক্ষার্থীদের ফেল করানোর হুমকি দেন।এ ঘটনায় অনুষদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর অভিযোগ দেয়ার সিদ্ধান্ত নেয়৷ কিন্তু উক্ত শিক্ষক এবং তার অনুগত শিক্ষকরা একাডেমিক সমস্যার সৃষ্টি করতে পারে এই আতঙ্কে শিক্ষার্থীরা অভিযোগপত্র জমা দেয় নি। তবে এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে এখনও ক্ষোভ বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্নাতকোত্তরের কিছু শিক্ষার্থী বলেন, ড.অশোক ক্লাসে এসেও মেয়েদের বিষয়ে কুরুচিপূর্ণ কথা বলে। বোর্ডে শুধু টপিক লেখেন তারপর এমন কিছু গল্প বা আলোচনা করেন যা শিক্ষকের কাছে কোন শিক্ষার্থী এমনটা আশা করেনা। এ বিষয়ে অনুষদভিত্তিক সংগঠন কৃষি অর্থনীতি ছাত্র সমিতির সভাপতি আরিফুল আরিফের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক ড. অশোক কুমার ঘোষ বলেন, মেয়েদের পোশাক নিয়ে যে অভিযোগ, এমন কোনো কথা আমি বলিনি। কেন তারা বানিয়ে বলেছে জানিনা। আর ফেল করিয়ে দেওয়ার হুমকি বিষয়ে যে অভিযোগ এসেছে সেক্ষেত্রে আমি ওদের কোনো কোর্স নেই না, কিভাবে আমি ফেল করাবো।