রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
আগামী ২৯ মে তৃতীয় ধাপে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (২৩ মে) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম.ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ ঘোষণা করেন। গত ৫ মে নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ ইসমাঈল শাহাদাত হোসেনের হলফনামায় ৪টি মামলা ও সম্পত্তির বিবরণী না থাকায় প্রার্থীতা বাতিল ঘোষণা করেন। পরে জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বরাবর আপিল করলে তিনি ৯ মে শাহাদাত হোসেন প্রার্থীতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। এরপর হাইকোর্টে আপিল করলে গত ১৪ মে হাইকোর্টের বিচারপতি মোঃ ইকবাল কবির ও বিচারপতি আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ শাহাদাত হোসেনের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন। পরে হাইকোর্টের আদেশে বিরুদ্ধে হাইকোর্টের আপিল বিভাগের আবেদন করেন অপর প্রার্থী গোলাম শরীফ চৌধুরী পিপুল। শাহাদাত হোসেন পক্ষে মামলা পরিচালনা করেন, তাপস কুমার বিশ্বাস, একরামুল হক টুকুল ও তামান্না ফেরদৌস। অপর প্রার্থী গোলাম শরীফ চৌধুরীর পক্ষে ছিলেন, আইনজীবী শেখ মোহা¥মদ মোর্শেদ।