জামালপুর প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের ব্যক্তি মুন্নি আক্তার নির্বাচিত হয়েছেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ উপজেলায় ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রিটার্নিং অফিসারের সর্বশেষ তথ্যমতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার সেলাই মেশিন প্রতীক নিয়ে ২৩ হাজার ৭৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছা. মাজেদা কলস প্রতীকে পেয়েছেন ২১ হাজার ১৮৪ ভোট। এ উপজেলায় ৫ জন চেয়ারম্যান, ৬ জন মহিলা ও ১২ জন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের তথ্য মতে এই উপজেলায় ৩৮.১৫ শতাংশ ভোট পড়েছে । এদিকে দেওয়ানগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে এবারই প্রথম তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার নির্বাচিত হলেন।