মো: এ কে নোমান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার পৌরসভার অন্তর্গত চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আরাফাত হোসেন এসএসসি পরীক্ষায় ১২৪৫ নম্বর পেয়ে উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। অভাব-অনটনের মধ্যে দিয়ে বেড়ে ওঠা ছেলেটি ভালো কলেজে ভর্তি হয়ে আগামী দিনে আরো চমকপ্রদ ফল করতে চায়। কিন্তু তার স্বপ্ন পূরণের পথে বড় বাধা পরিবারের দারিদ্র্যতা। আরাফাতের বাবা হরীতকীডাঙ্গা বাজারের বাসিন্দা মো. আব্দুল খালেক উজ্জ্বল। তিনি একটি পানের দোকানের সামান্য আয়ে সংসার চালান। আরাফাত প্রতিবেদককে জানায়, পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি এবং সপ্তম শ্রেণিতে মুজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের ট্যালেন্টপুলে মেধা বৃত্তি পাওয়ার পর লেখাপড়ার প্রতি আরো বেশি মনোযোগী হয় । অভাবের কারণে তার সব বিষয়ে প্রাইভেট পড়া সম্ভব না হলেও বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার মণ্ডল, সুব্রত মণ্ডল ও মো. আইয়ুব হোসেন তাকে সহযোগিতা করেছেন। আরাফাতের প্রত্যাশা এইচএসসি পাসের পর মেডিকেল কলেজে পড়াশোনা করবে। পড়াশোনা শেষে যোগ্য ডাক্তার হয়ে মানুষের সেবা করবে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক এস এম খেলাল-ই রব্বানী বলেন, ‘ আমরা সকল শিক্ষার্থীদেকে যথাযথ পরিচর্যা করি। সবল এবং দুর্বলকে ভেদাভেদের চোখে দেখি না। আরাফাত হোসেন নিয়মিত বিদ্যালয়ে ক্লাস করেছে। পাঠ্য-পুস্তকের পড়া সে ভালো করে আয়ত্ব করেছে। অসাধারণ প্রতিভার অধিকারী সে। বিদ্যালয়ের পক্ষ থেকে সব সময় তার পড়াশোনার খোঁজ নিয়েছি। আর্থিক সহায়তা পেলে অনেক দূর এগিয়ে যাবে ।’আরাফাতের বাবা মো. আব্দুল খালেক উজ্জ্বল বলেন, ‘ আমার ছেলে বর্তমানে রাজশাহী কলেজে অথবা সৈয়দপুর বিজ্ঞান কলেজে ভর্তি হতে চায়। কিন্তু আমার এই আর্থিক সংকটের কারণে তার এ আশা কতটুকু পূর্ণ হতে পারে তা আমার জানা নেই।’