ডেস্ক রিপোর্ট
চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে বিধ্বস্ত বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের আহত দুই বৈমানিকের একজন নিহত হয়েছেন। আহত অপর বৈমানিক চিকিৎসাধীন। বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত বিমানটি ইয়াকোভলেভ ইয়াক-১৩০ মডেলের। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার স্পষ্ট কারণ জানা যায়নি। তবে সূত্র বলছে, জহুরুল হক ঘাঁটিতে প্রশিক্ষণ শেষে নামার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিমানের নিচের অংশে আগুন ধরে যায়। এক ভিডিওতে দেখা গেছে, উড়ন্ত অবস্থায় আগুন দ্রুত ছড়িয়ে গেলে বিমানটি পানিতে পড়ে যায়। পানিতে পড়ার আগে বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া যায়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলম গণমাধ্যমকে বলেন, সকাল সাড়ে ১০টায় প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়ে পতেঙ্গা কনটেইনার টার্মিনালের বিপরীতে কর্ণফুলী নদীতে পড়ে যায়। দুইজন পাইলট আগেই প্যারাসুট নিয়ে বিমান থেকে বের হয়েছিলেন। তারাও নদীতে পড়েন। স্থানীয় নৌকা তাদের উদ্ধার করে। তিনি আরও বলেন, ধ্বংসাবশেষের অবস্থান শনাক্ত করতে হাইড্রোগ্রাফি জরিপ জাহাজ পাঠানো হয়েছে। তল্লাশি ও উদ্ধারের জন্য কোস্ট গার্ডকে অবহিত করা হয়েছে। বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।