মো: রমিজ আলী
সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সবজি ভান্ডার নামে পরিচিত। আজ এই সবজি ভান্ডারের অব্যাহত তীব্র খরায় সীতাকুণ্ডে পানি সংকট প্রকট আকার ধারণ করেছে। শুকিয়ে গেছে সীতাকুণ্ডের বড় বড় পাহাড়ি ঝরনা-ছরা ও খাল-বিল। বিলিনের পথে পুকুর জলাশয়ের পানিও। ভূগর্ভস্থ পানি নেমে গেছে তলানিতে। এ অবস্থায় সবজির রাজ্যখ্যাত সীতাকুণ্ডের সবজি ফলনে ধস নেমেছে। অনিশ্চয়তা দেখা দিয়েছে আউশ ধান চাষেও। সীতাকুণ্ডের সৈয়দপুর, মুরাদপুর, পৌরসভা ও বাঁশবাড়িয়ার বিভিন্ন বিল ঘুরে দেখা যায় সেখানকার শতশতএকর জমি আউশ ধান চাষের অপেক্ষায় অনাবাদি পড়ে আছে। গেল এপ্রিল মাসে এ সকল জমিতে আউশ ধানের চারা রোপনের কথা থাকলেও পানি সংকটের কারণে তা সম্ভব হয়নি। এখানকার চাষাবাদে পানি সংগ্রহের উৎস- ছরা, খাল কিংবা পুকুর-জলাশয় কোথাও পানির যোগান নেই। ফলে আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির অপেক্ষায় সীতাকুণ্ডের ৬ হাজার হেক্টর জমির কয়েকশ আউশ চাষী। এছাড়া ঢেঁড়স, লাউ, বেগুন, মরিচ, ধুন্দুল, চিচিঙ্গা, ঝিঙে, করলা, কাকরোল ও বরবটির মত শবজির চাষীরাও পড়েছে লোকসানের মুখে ।