কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চলমান সংকটে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ থাকলেও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। শুক্রবার (৩ মে) বেলা ১১ টা থেকে শুরু হয়ে শেষ হয় দুপুর ১২ টায়। এর আগে ৩০ এপ্রিল জরুরি সিন্ডিকেট সভা ডেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় এবং আবাসিক হলসমূহ বন্ধ ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, আজ পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৮৬.৬৭%। এবারের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসন ছিলো ৪ হাজার ২৯২ জন। যার মাঝে উপস্থিত ছিল ৩ হাজার ৭২০ জন শিক্ষার্থী এবং অনুপস্থিত ছিলো ৫৭২ জন। কেন্দ্রগুলোতে ঘুরে দেখা যায়, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কেন্দ্রের বাইরে শাখা ছাত্রলীগ ও বিভিন্ন জেলাভিত্তিক ছাত্র সংগঠনগুলোর উদ্যোগে পরীক্ষার্থীদের সহযোগিতায় বুথ বসানো হয়। পাশাপাশি ছিল জয় বাংলা বাইক সার্ভিসের ব্যবস্থা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট ও বিএনসিসি সদস্যদের পরীক্ষার্থীদের সিট খোঁজা সংক্রান্ত সার্বিক সহযোগিতায় তৎপর ছিল। পরীক্ষা শেষে ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত আবু সাঈদ নামে এক শিক্ষার্থী জানান, পরীক্ষা মোটামুটি সহজ ছিলো। ভালোই হয়েছে। শুধু সাধারণ জ্ঞান অংশটুকু একটু কঠিন হয়েছে।এই বিষয়ে ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, আজ সুষ্ঠুভাবে ভর্তিপরীক্ষা সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি ভালো ছিলো। কোনরকম সমস্যা বা ঝামেলার কথা এখন পর্যন্ত আমার কাছে আসে নাই। এই বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমি বেশ কয়েকটি পরীক্ষার কক্ষ পরিদর্শন করেছি। সবকিছু স্বাভাবিক রয়েছে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ে ১৪৪ দ্বারা জারি করা হয়েছে। ভর্তিচ্ছুদের সবরকম নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে।