জামালপুর প্রতিনিধি
জামালপুর পৌরসভার একটি বিদ্যালয়ে ক্লাস রুমে সিলিং ফ্যান পড়ে সুমাইয়া আক্তার মীম নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সকাল ১১টার দিকে পৌরসভার রশিদপুর এলাকার ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত সুমাইয়া আক্তার মীম ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী। তিনি পৌরসভার বগাবাইদ এলাকার ফেরদৌসের মেয়ে৷ শিক্ষার্থীরা বলেন, সকালে দশটা থেকে পাঠদান কার্যক্রম শুরু হয়। দশম শ্রেণীর ক্লাসে তৃতীয় ক্লাস শুরু হওয়ার কিছুক্ষন পরে দ্বিতীয় তলার শ্রেণি কক্ষের একটি ফ্যান ভেঙে সুমাইয়ার উপর পড়ে যায়। এতে শিক্ষার্থী মুখের উপরের ঠোঁট কেটে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে প্রার্থমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়। গত বছরও ওই বিদ্যালয়ে ফ্যান পড়ে যাওয়ার ঘটনা ঘটেছিলো বলে জানান তারা। এ প্রসঙ্গে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আনিসুজ্জামান বলেন, বক্তব্য কি দেবো বলেন, ফ্যান পড়ে গেছে এই আর কি। প্রায় একমাস পর স্কুল খোলা হলো এ জন্য ওইভাবে আর ফ্যানের বিষয়গুলা দেখা হয়নি। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হালিমা খাতুন বলেন, আমি বিষয়টি অবগত না। তবে খবর নিচ্ছি৷ আর জেলার সাতটি উপজেলায় সব স্কুলে সচেতন হওয়ার জন্য পত্র প্রেরণ করা হবে।