দাউদকান্দি প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা ও দাউদকান্দিতে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বরকোটা এবং দুপুরে চান্দিনা পৌরসভার ৯নং ওয়ার্ড তুলাতলী গ্রামে ওই ঘটনা ঘটে। চান্দিনায় মারা যাওয়া শিশুরা হচ্ছে- উপজেলার তুলাতলী গ্রামের আব্দুল কুদ্দুস মন্টুর মেয়ে নাদিয়া (৭) ও এই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সাদিয়া (৮)। সম্পর্কে তারা দুজন খালা ও বোনের মেয়ে হয়। অপরদিকে দাউদকান্দিতে মারা যাওয়া দুই শিশু হচ্ছে- উপজেলার বরকোটা গ্রামের মো. নজরুল এর ছেলে ফয়সাল (৮) এবং একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রিফাত (৭)। চান্দিনায় নিহত দুই শিশুর স্বজনরা জানায়,বৃহস্পতিবার সকাল ১১টায় সাইকেল নিয়ে খেলতে ঘর থেকে বের হয়ে দুই শিশু। দুপুর ১২টার দিকে বাড়ি থেকে ২শ গজ দূরে বট গাছের কাছের সাইকেল ও জুতো দেখতে পায় নিহত সাদিয়ার নানা আব্দুল জব্বার। এসময় তাদেরকে খুঁজে না পেয়ে সাইকেল ও জুতো বাড়িতে নিয়ে যান তিনি। তারপর থেকে তাদেরকে কোথাও খুঁজে পায়নি তাদের পরিবার। দুপুর ২টায় নিহত নাদিয়ার দাদী একই স্থানে আরও একটি পেন্ট পেয়ে সন্দেহ করে পাশের মৎস্য প্রজেক্টে নামে পরিবারের সদস্যরা। এরপর পানিতে ডুবন্ত অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাদিয়ার দাদা আব্দুল লতিফ জানান, দুজনকে পানি থেকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দাউদকান্দিতে নিহত দুই শিশুর স্বজনরা জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শিশু ফয়সাল ও রিফাত বাড়ির পাশে খেলা করছিল। হঠাৎ তাদের দেখতে না পেয়ে খোঁজাখোজির পর ডোবার পানিতে ভাসমান দেহ দেখা যায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত প্রতিবেশী দুই শিশু বরকোটা এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করতো বলে জানা গেছে।