নিজস্ব প্রতিবেদক
উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর নেতা-কর্মীদের হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২০ এপ্রিল) নিজ বাস ভবনে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যান প্রার্থী গোলাম সারওয়ার। লিখিত বক্তব্যে গোলাম সারওয়ার বলেন, স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এক যৌথ সভার সিদ্ধান্তে আমাকে চেয়ারম্যান প্রার্থী পদে নাম ঘোষণা করেন। অনলাইনে আমি চেয়ারম্যান পদে আবেদন করেছি। এ ঘোষণার পর থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল হাই বাবলু ও কুমিল্লা মহানগরের কিছু নেতাকর্মী সদর দক্ষিণ উপজেলায় মহড়া দিচ্ছে। মোবাইল ফোন ও সভা সমাবেশে হুমকি-ধামকি প্রদান করছে। তারা বলে, দক্ষিণের কোন নেতাকর্মী শহরে প্রবেশ করতে পারবে না। হাসপাতালে সেবা নিতে পারবে না । পা কেটে হাতে ধরিয়ে দিবে। এছাড়াও আমাদের আসনের মাননীয় এমপি আহম মুস্তফা কামালকে অপমান জনক কথাবার্তা বলেন। তারা নির্বাচনে পেশি শক্তি প্রয়োগ করতে চায়। এ বিষয়ে আমি প্রশাসনকে অবহিত করেছি। সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে আমি প্রশাসনের সহযোগীতা চাই। প্রসঙ্গত, আগামী ২১ মে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। বাছাই ২৩ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে, ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ ২১ মে। সদর দক্ষিণের ৭ ইউনিয়নে ৫৫ কেন্দ্র। মোট ভোটার এক লক্ষ ৩৩ হাজার ৯০৬ জন।