জামালপুর প্রতিনিধি
জামালপুর জেনারেল হাসপাতালে এক নারী ইন্টার্ন চিকিৎসকের পোশাক পরিবর্তনের গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে যৌন হয়রানি করার প্রতিবাদে ও গ্রেফতার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে জামালপুর সদর হাসপাতাল চত্বরে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক এবং শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে৷আন্দোলনরত চিকিৎসকরা জানায়, গত ৬ এপ্রিল হাসপাতালে দায়িত্বরত শেষে কোয়াটারে গিয়ে এক ইন্টার্ন চিকিৎসক পোশাক পরিবর্তন করার সময় নার্সদের কোয়াটারের ছাদ থেকে নাইমুর রহমান, ইমরুল হাসান, জাকারিয়া হোসেন বেনজির ও আরাফাত হোসেন নামে কয়েকজন ভিডিও ধারণ করে৷ পরে সেই ভিডিও নারী চিকিৎসকের কাছে পাঠিয়ে দের লাখ টাকা দাবি করে ও কুপ্রস্তাব দেয়। সেই প্রস্তাবে রাজি না হলে ভাইরাল করার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় মামলার পর গত ১০ এপ্রিল চার আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। ইন্টার্ন চিকিৎসক ডা. জাকারিয়া জাকি বলেন, মামলার পর থেকে অভিযুক্ত পরিবার ও প্রভাবশালীরা মামলা তুলে নিতে হুমকি প্রদান করে আসছে৷ এ অবস্থায় ভুক্তভোগীর পরিবার ভয়ে দিন পার করছেন। গ্রেফতার আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ ভুক্তভোগীর জীবনের নিরাপত্তার দাবি জানান তিনি।