রাশিমুল হক রিমন, বরগুনা
বরগুনার আমতলী সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রামে নিখোঁজের ৯ ঘন্টা পরে স্থানীয় একটি খাল থেকে বুধবার সকালে হোসনে আরা বেগম (৪০) নামের এক গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।জানা গেছে, উপজেলার উত্তর টিয়াখালী গ্রামের হারুন গাজীর স্ত্রী হোসনে আরা মঙ্গলবার সকালে নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে পরিবারের লোকজন নানাস্থানে খুঁজে তার সন্ধান পায়নি। বুধবার সকালে ওই এলাকার ভারানি খালে স্থানীয়রা তার মরদেহ ভাসতে দেখেন। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে। পরে ওইদিন দুপুরে তার মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেন। হোসেনে আরা ওই গ্রামের হারুন গাজীর স্ত্রী। তার এক ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর সে বাবার বাড়ীতেই বসবাস করতো। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত হোসনেয়ারা বেগম মঙ্গলবার সকাল ১০টায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি । মরদেহ উদ্ধারকারী আমতলী থানার এসআই মোঃ আশরাফ আলী মুঠোফোনে জানান, নিহত হোসনে আরা শরীরে এবং গলার নীচে আঘাতের চিহ্ন রয়েছে। হোসনে আরার মা জাম্বিলা খাতুন অভিযোগ করে বলেন, আমার মেয়েকে শত্রুতা করে কেউ হত্যা করে লাশ খালে ফেলে রেখেছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন তপু মুঠোফোনে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনার মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত অব্যাহত আছে।