মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
নীলফামারীর সদরে চওড়া সরঞ্জাজানি ইউনিয়নের মজিবর রহমান (৬৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার তৃতীয় ছেলে সম্পত্তির ভাগ না পাওয়ায় বাবার লাশ দাফনে বাধা দেয়। এ সময় দুই ঘণ্টা মরদেহ বাড়ির উঠানে পড়ে থাকে। জানা যায়, মৃত মজিবর রহমান তার তিন ছেলেকে নিজের সম্পত্তির জমি লিখে দেয়। তার তৃতীয় ছেলে নওশাদ আলী ঢাকায় চাকরি করতেন। তার সঙ্গে বাবার বনিবনা কম থাকায় তাকে কোনো জমি লিখে দেয়নি। হঠাৎ মধ্যরাতে মুজিবর রহমান মারা গেলে শুক্রবার দুপুরে তাকে দাফন করার প্রস্তুতি নেন স্বজনরা। এ সময় নওশাদ তার বাবার কবরে শুয়ে থেকে লাশ দাফন করতে বাধা দেন। পরে স্থানীয়রা পুলিশের সহায়তায় অন্য জায়গায় কবর খুঁড়ে তার বাবার লাশ দাফন করেন। চওড়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কবির বলেন, মৃত মজিবর তার তৃতীয় ছেলেকে জমি লিখে না দেওয়ার কারণে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা সবাই মিলে পুলিশের সহায়তায় অন্য জায়গায় কবর খুঁড়ে লাশ দাফন করা হয়। সদর থানার ওসি তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অন্য জায়গায় কবর খুঁড়ে লাশ দাফন সম্পন্ন করা হয়েছে।