তানিম কাজী শুভ, বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ফার্মেসী বিভাগ শত প্রতিকূলতার মাঝেও শিক্ষা ও গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। সম্প্রতি, বিভাগের শিক্ষার্থীদের একটি গবেষণা আর্টিকেল ন্যাচারের বিখ্যাত জার্নাল সায়েন্টিফিক রিপোর্টসে (আইএফ: ৪.৬) প্রকাশিত হয়েছে, যা বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের জন্য এক গৌরবময় অর্জন। “অ্যান্টিমেটিক এক্টিভিটি অফ অ্যাবিয়েটিক অ্যাসিড পসিবলি থ্রু দি ৫এইচটি ৩ এন্ড মুসকারিনিক রিসেপ্টর ইন্টারঅ্যাকশন প্যাথওয়েস” শিরোনামের এই গবেষণাটি বমি বমি ভাব ও বমি রোধে অ্যাবিয়েটিক অ্যাসিড-এর সম্ভাব্য ব্যবহার সম্পর্কে আলোকপাত করে। বশেমুরবিপ্রবির ল্যাবে এবং শিক্ষার্থী হিসাবে কাজ করে এটিই প্রথম কোনো প্রকাশনা যা ন্যাচারের বিখ্যাত একটি জার্নালে প্রকাশিত হয়েছে। ৫ম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ শিমুল ভূইয়া, সহযোগী অধ্যাপক ড. তরিকুল ইসলাম এবং বিদেশী গবেষক সহকর্মীদের সমন্বয়ে গঠিত একটি দল এই গবেষণা পরিচালনা করে। এই গবেষণাটি ড্রাগ ডিসকভারি এবং ডেভেলপমেন্ট সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। শিক্ষার্থীরা দেশে-বিদেশের বিভিন্ন গবেষণাকর্মে সুনাম কুড়িয়েছে। প্রতি বছর বিভাগ থেকে উল্লেখযোগ্য শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বাইরে যাচ্ছে। শিক্ষকেরাও আন্তর্জাতিক গবেষণাকাজে স্বীকৃতি পেয়েছেন। দেশি- বিদেশি বিভিন্ন জার্নালে শিক্ষক-শিক্ষার্থীরা নিয়মিত প্রবন্ধ প্রকাশ করে আসছেন। বিভাগে রয়েছে প্রয়োজনীয় সংখ্যক অভিজ্ঞ, দক্ষ ও যোগ্যতাসম্পন্ন শিক্ষকমন্ডলী। খুব দ্রুত আরো শিক্ষক-শিক্ষিকা উচ্চশিক্ষা শেষ করে বিভাগে পুণরায় যোগদান করবেন। উল্লেখ্য, ২০২৩ সালে ফার্মেসী বিভাগের গবেষণা টিমের মোট প্রকাশনা হয়েছিলো ৫৪টি। এর মধ্য ৪৮টি আর্টিকেল। গড়ে প্রতি সপ্তাহে ১টি করে আর্টিকেল প্রকাশনা হয়েছিলো। ২০২৩ সালে আর্টিকেল থেকে মোট জেসিআর ইম্প্যাক্ট ফ্যাক্টর অর্জন ১৪৬.৮৯৭ ও গুগল স্কলারে মোট সাইটেশন অর্জন ২০৯৭টি (৩০ ডিসেম্বর ২০২৩ অবধি)1001।