প্রসেনজিত দাস, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাবেক উপাচার্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ আমির হোসেন খান আজ সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন । তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুবির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। শোকবার্তায় তিনি বলেন, উনার মতো বিনয়ী, সদালাপী বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও লেখক এর মৃত্যুতে দেশ-জাতির এক অপূরণীয় ক্ষতি হলো। কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিচালনায় তাঁর ত্যাগ-তিতিক্ষা ও অবদান বিশ্ববিদ্যালয় পরিবার স্মরণ রাখবে। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে বেহেস্ত নসীব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই দুঃখ সইবার শক্তি দেন।