মোঃ সাইফুল্লাহ, ইবি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইফতার কর্মসূচি নিষেধাজ্ঞার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে গণ ইফতার কর্মসূচি পালিত হয়। বুধবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতিতে ২য় রমজানে ক্রিকেট মাঠে গণ ইফতার কর্মসূচি পালিত হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে বিভিন্ন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বক্তব্যে আল-কোরআন এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মাহবুবুর রহমান বলেন, ইফতার মুসলিমদের ধর্মীয় অধিকার। আমরা শাবিপ্রবি ও নোবিপ্রবিতে ইফতারের কর্মসূচি নিষেধাজ্ঞার প্রতিবাদ জানাই। উল্লেখ্য, গত সোমবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রশাসন বিশ্ববিদ্যালয়ে ইফতার কর্মসূচি আয়োজন না করার নির্দেশ জারি করে। তার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গণইফতার কর্মসূচি চলছে।