সেলিম মাহবুব, সুনামগঞ্জ
সুনামগঞ্জের বিভিন্ন উপজেলাসহ ছাতক পৌর শহরে ব্যাটারি চালিত অটোরিকশার যানজটে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। শহরে পদে- পদে ব্যাটারি চালিত অটোরিকশা এ যেন মানুষের জন্য এক অসহনীয় দুর্ভোগ। যেখানে সেখানে যানজট আর যানজট লেগেই আছে। এসবের পিছনে বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের কারণে বিদ্যুতের ঘাটতিসহ এসব অটোরিকশার অদক্ষ চালকের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে যাচ্ছে। পৌর শহরের ট্রাফিক পয়েন্ট, কলেজ রোড, পাবলিক খেয়া ঘাট, ফ্যাক্টরি ঘাট, মধ্যবাজার আখড়া, তাহির প্লাজা, থানা খেয়াঘাট এলাকায় মানুষ স্বাভাবিক ভাবে হাটা চলা করতে পারছেনা। ছাতক শহরটি যেন ব্যাটারি চালিত অটোরিকশার রাজ্যে পরিনত হয়েছে বলে একাধিক লোক জানান। অনেকেই মন্তব্য করেন এখানে যাত্রীর চেয়ে অটোরিকশার সংখ্যা বেশি।শহরের পশ্চিম বাজারে দোকানের সামনে অটোরিকশা রাখা নিয়ে দোকানদার এবং অটোরিকশা চালকের মধ্যে একাধিক বার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কয়েক জন।অটোরিকশার অদক্ষ চালক তার অটোরিকশা নিয়ে পশ্চিম বাজারের জাবেদ মিয়ার দোকানে ঢুকে পড়ে। এতে দোকানের মালামাল ও আসবাব পত্র ভেঙ্গে বেশ ক্ষতিগ্রস্থ হয়। তিনি। অটোরিকশা চালকরা প্রায়ই এক্সিডেন্ট করে পালিয়ে যেতে দেখা গেছে। পশ্চিম বাজার এম আলী ট্রেডার্সের সামনের গ্লাস দু’দফা ভেঙ্গেছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। এ ভাবে প্রায় প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে যাচ্ছে। ছাতক পৌরসভা বা থানা পুলিশ এ ব্যাপারে কোন ব্যবস্থা নিচ্ছে না বলে স্হানীয়রা জানান। ফলে বেপরোয়া হয়ে পড়েছেন অটোরিকশা চালকরা। এতে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আর যাত্রী হয়রানি ও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়াও আদায় করার অভিযোগ রয়েছে চালকদের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অতিদ্রুত অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা ও অদক্ষ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং শহরে এ সবের নিয়ন্ত্রণ করা হোক। ছাতকে ৩ টি সমিতির মাধ্যমে ২ হাজারের ও অধিক ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে বলে সংশ্লিষ্ট একটি সুত্র থেকে জানাগেছে।