মোহাম্মদ নাছিম, উখিয়া
কক্সবাজার সর্ব দক্ষিণে তুমব্রু সীমান্তে মিয়ানমারের ছোড়া দুই মর্টার শেল বাংলাদেশেীদের ঘরে এসে পড়েছে। মিয়ানমার (বার্মা) অভ্যন্তরে শুরু হয়েছে তীব্র গোলাগুলি। সেখান থেকে ছোড়া দুটি মর্টার শেল তুম্ব্রু সীমান্তে বসবাসরত এক বাংলাদেশির ঘরে এসে পড়েছে।মিয়ানমারের রাতভর চলা গোলাগুলিতে আতঙ্কিত হয়ে পড়েছে সীমান্ত এলাকার মানুষ। শনিবার (৩ফেব্রুয়ারী) রাতে মিয়ানমারের ছোড়া দুটি মর্টার শেল ও একাধিক গুলি এসে পড়েছে তুমব্রু সীমান্তর কোনার পাড়ায়। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে আতঙ্কে গ্রাম ছেড়েছে অনেকে। যদিও সীমান্তের ওপারে চলমান সংঘর্ষ ও উত্তেজনায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে। ঘুমধুম ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. আলম বলেন, শনিবার সন্ধ্যা থেকে যে পরিমাণ গোলাগুলির শব্দ শোনা গেছে আগে তেমনটা শোনা যায়নি। তীব্র গোলাগুলির শব্দে আতঙ্কিত অনেক বাসিন্দা এরই মধ্যে গ্রাম ছেড়েছেন। এমন পরিস্থিতিতে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ।কোনার পাড়ার ইলিয়াস হোসেন বলেন, রাতে আমার বসত ঘরের টিনে হঠাৎ আওয়াজ শুনে গিয়ে দেখতে পায় মর্টার শেল পড়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, মিয়ানমারে এখনো প্রচণ্ড গোলাগুলির শব্দ পাচ্ছি আমরা। এবার গোলাগুলির শব্দের তীব্রতা বেশি হওয়ায় সীমান্তবর্তী বাংলাদেশের মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে ৩৪ বিজিবি।