মৌলভীবাজার প্রতিনিধি:
কুলাউড়ায় দুইটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধারসহ রবিউল (২৩) নামের এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৫ অক্টোবর) ভোররাত ৪টার দিকে উপজেলার ভাটেরা ইউনিয়নের পুলিশ চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রবিউল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার রুস্তমপুর গ্রামের জুনাব আলীর ছেলে।থানাসূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাতে উপজেলার ভাটেরা ইউনিয়নের পুলিশ চেকপোস্টে ডিউটি করছিলেন থানার এএসআই মো. বিল্লাল হোসেনসহ একদল পুলিশ ফোর্স। ভোররাত ৪টার দিকে ভাটেরা হয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলায় দুইটি সিএনজি প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদেরকে সিগন্যাল দেয়।এ সময় একটি সিএনজি দাঁড়ালেও অন্যটি রেখে আরেক চোর পালিয়ে যায়। পরে রবিউল পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে- ভূকশিমইল ইউনিয়ন এলাকা থেকে ওই দুইটি সিএনজি তারা চুরি করে পালাচ্ছিলো।এএসআই মো. বিল্লাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) সকালে গ্রেপ্তার চোর রবিউলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। পলাতক চোরকেও গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।