সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে বাড়ির ছাদে শুকাতে দেওয়া কাপড় আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আরাফাত ইসলাম সোহাগ (২৮) নামে এক এনজিও মাঠকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা মহল্লার ধোপাবাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ একডালা মহল্লার আব্দুল মালেকের ছেলে। তিনি একটি বেসরকারি এনজিও সংস্থার মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। নিহত সোহাগের পরিবারের বরাত দিয়ে সিরাজগঞ্জ সদর থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মুস্তাকিন আহমেদ জানান, শুক্রবার রাতে আরাফাত ইসলাম সোহাগ লোহার সিঁড়ি বেয়ে বাড়ির ছাদে দেয়া কাপড় আনতে যান। কাপড় নিয়ে ওই সিঁড়ি দিয়ে নামার সময় বিদ্যুৎপৃষ্ট হন সোহাগ। এসময় তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।