বিএনপির পদযাত্রা ঘিরে নজরদারি বাড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পদযাত্রা কেন্দ্র করে উসকানির মাধ্যমে পরিস্থিতি ঘোলাটের পাঁয়তারা প্রতিহত করতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার (১৮ জুলাই) গাবতলী থেকে বাহাদুর শাহ পার্ক এবং বুধবার (১৯ জুলাই) আব্দুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পদযাত্রার পথে একদিকে নিরাপত্তা অন্যদিকে যানজটের ভোগান্তির কথা মাথায় রেখে কাজ করবে মাঠে থাকা পুলিশ সদস্যরা। কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই এ কর্মসূচি শেষ হবে— এমনটাই প্রত্যাশা করছে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। তবে কেউ যদি কোনও ধরনের উসকানি দিয়ে অপ্রীতিকর ঘটনার পাঁয়তারা করে সে ক্ষেত্রে প্রস্তুত থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র বলছে, বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে ডিএমপির প্রতিটি সদস্যকে নিজেদের নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট ব্যবহার করার মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে দায়িত্ব পালনের সময় মাঠ পর্যায়ের সদস্যদের সশস্ত্র হয়ে নিজেদের নিরাপত্তার বিষয় পর্যবেক্ষণ করে অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। আর এসব বিষয় ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট থানা এলাকার কর্মকর্তারা দেখ-ভাল করছেন।