জান্নাতের বায়বীয় টিকিট বিক্রিকারীরা সরকারের পরিকল্পনা বাস্তবায়নে বাধা দেওয়ার চেষ্টা করছে : প্রধানমন্ত্রী
যশোর প্রতিনিধি :
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জান্নাতের বায়বীয় টিকিট বিক্রিকারীরা সরকারের পরিকল্পনা বাস্তবায়নে বাধা দেওয়ার চেষ্টা করছে। তারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। কেউ বিভ্রান্ত হবেন না। বিএনপি সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাশ করবে।
যশোর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যশোরের উলাশি খালের পুনঃ খনন কাজ ও যশোর মেডিকেল কলেজের ৫শ’ শয্যার হাসপাতাল ভবনের নির্মাণ কাজ উদ্বোধনের অংশ হিসেবে যশোর সফরকাল প্রধানমন্ত্রী এ জনসভায় বক্তৃতা করেন।
জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান আরো বলেন, জান্নাতের টিকিট বিক্রিকারীরা জনগণের রায় দেখে হতাশ হয়েছে। জনগন বিশ্বাস করে বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে। এটা তাদের পছন্দ না। তাই তারা বিএনপি ফ্যাসিস্ট বলে অপপ্রচার চালাচ্ছে।
তিনি বলেন, যতই অপপ্রচার চালানো হোক জনগণ বিএনপির সাথে আছে। ফলে আন্দোলনের নামে জনগণের শান্তি শৃঙ্খলা নষ্টের সুযোগ কাউকে দেওয়া হবে না।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জনগণের দল। জনগণের সকল চাহিদাকে অগ্রাধিকার দিয়ে কাজ করবে বিএনপির সরকার।
তিনি বলেন, খালেদা জিয়া ২০ বছর আগে যশোর মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছিলেন। ফ্যাসিস্ট সরকার সেইকাজ কাজ এগিয়ে নেয়নি। শুধু হাসপাতাল নয় বিএনপি সরকারের কোন উন্নয়ন কাজ গতি পায়নি। তাই শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজ শুরু করেছি। বিএনপি জনগণের দল তাই তাদের জন্য কাজ করে।
প্রধানমন্ত্রী বলেন, নারীদের সাবলম্বী করতে সরকার কাজ করছে। ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। পর্যায়ক্রমে কোটি নারী এ কার্ড পাবেন। ফ্যামিলি কার্ডের মত নারীদের সুবিধার্থে এলপিজি কার্ড দেয়া হবে। পাশাপাশি মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করা হবে। ভালো শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হবে।
তিনি বলেন, সরকার কৃষকদের পাশে দাঁড়িয়েছে। কৃষক কার্ড কার্যক্রম শুরু করেছে। কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। সরকার পর্যায়ক্রমে ১২ লাখ কৃষক ঋণমুক্তির সুবিধা দেবে।
তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টিতে দেশের সকল বন্ধ কল কারখানা চালু করা হবে। বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, আগামী ২ মে থেকে পেশাদার খেলোয়াড় তৈরির কাজ শুরু হবে। ৫ শ’ পেশাদার খেলোয়াড়কে সম্মানিত করা হবে।
তিনি সমাবেশে দেশ গড়তে সকলের সমর্থন কামনা করেন। তিনি বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে জনসভায় বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রমুখ বক্তব্য রাখেন।