সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ বিষাক্ত রাসায়নিক মিশ্রিত অপরিপক্ক আম জব্দ করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর এলাকায় এক ঝটিকা অভিযানে এসব আম জব্দ ও পরে বিনষ্ট করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল শুইলপুর এলাকায় অবস্থান নেয়। এসময় ঢাকা অভিমুখে যাত্রা করা একটি সন্দেহভাজন পিকআপ তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৬৮ ক্যারেট অপরিপক্ক আম পাওয়া যায়।সেখানে মোট ৩ হাজার ৩৬০ কেজি আম রয়েছে, যা অধিক মুনাফার আশায় বিষাক্ত রাসায়নিক মিশিয়ে পাকানোর চেষ্টা করা হয়েছিল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান বিজিবির সহায়তায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় জব্দকৃত আমগুলো শুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন ভেড়িবাঁধ সড়কে ট্রাকের চাকায় পিষে ধ্বংস করা হয়েছে।
এ ঘটনায় আম পরিবহনের দায়ে মোমরেজপুর গ্রামের পিকআপ চালক মো. শাহিন হোসেনকে ১,০০০ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরণের কাজে লিপ্ত হবে না মর্মে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।