চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ না থাকায় ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারায় বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে ক্ষুব্ধ গ্রাহকেরা এ ভাঙচুর চালায়।
জানা গেছে, বুধবার দুপুর ২টার দিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগ-১ এলাকায় বিদ্যুতের চাহিদা ছিল প্রায় ৩০ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ করা হয় মাত্র ১১ মেগাওয়াট, যা চাহিদার তিন ভাগের এক ভাগেরও কম। এ বিভাগের আওতায় ৮টি ১১ কেভি লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হলেও গড়ে ৫টি লাইন প্রায় সময়ই বন্ধ থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা।
অভিযোগ কেন্দ্রের দায়িত্বরত কর্মচারী খলিলুর রহমান জানান, রাত ১২টা ৩৫ থেকে ৪০ মিনিটের মধ্যে ৩-৪ জন ব্যক্তি এসে কেন্দ্রের কাঁচের দরজা ভেঙে পালিয়ে যায়। তখন তিনি একাই দায়িত্বে ছিলেন এবং অন্যান্য কর্মীরা বিভিন্ন স্থানে ট্রান্সফরমারের ফিউজ মেরামতে ব্যস্ত ছিলেন। ঘটনার খবর পেয়ে বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী লতিফুর রহমান জানান, বিষয়টি মৌখিকভাবে পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং লিখিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে।
দাতিয়ারা, কাউতলী, ডিসি বাংলো, কাজীপাড়া, কান্দিপাড়া, শিমরাইলকান্দি, শেরপুর, পৈরতলা, উলচাপাড়া, গোকর্ণঘাট, আনন্দবাজার, খালপাড়, মোড়াইল, বনিকপাড়া, সাদেকপুর, ভাদুঘর ও বিয়ালিশ্বরসহ বিভিন্ন এলাকায় প্রায় ৭৩ হাজার গ্রাহক এই বিতরণ বিভাগের আওতায় রয়েছেন। একইভাবে বিতরণ বিভাগ-২ এলাকাতেও চাহিদার তুলনায় প্রায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, যেখানে প্রতিদিন ৭-৮ মেগাওয়াট লোডশেডিং করতে হচ্ছে।
শুধু জেলা শহরেই নয়, পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলাজুড়েই বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে বা তারও কমে নেমে এসেছে, যা জনজীবনে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি করছে।