বগুড়ার পথে প্রধানমন্ত্রী, জেলায় উৎসবের আমেজ
বগুড়া প্রতিনিধি:
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরে পুরো জেলায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন।
সফরসঙ্গী হিসেবে তার স্ত্রী জুবাইদা রহমান সঙ্গে রয়েছেন। বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এসব তথ্য জানা গেছে।
দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর ফলক উন্মোচন করবেন। পাশাপাশি জেলাজুড়ে বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, বেলা সোয়া ১১টায় জজ আদালতের ই-বেইলবন্ড উদ্বোধন, বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশনে উন্নীতকরণের ফলক উন্মোচন করা হবে। এরপর দুপুর পৌনে ১২টায় বগুড়া শহর থেকে গাবতলী উপজেলার বাগবাড়ীর উদ্দেশ্যে যাত্রা এবং বেলা পৌনে ১টায় বাগবাড়ীর জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করবেন তিনি।
বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে তিনি বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে যাত্রাবিরতি করার কথা রয়েছে।
প্রায় দুই দশক পর পৈতৃক ভিটায় যাচ্ছেন সরকারপ্রধান। তার এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।
প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে নতুন সাজে সেজেছে বগুড়া শহর। জেলা জজ আদালত, পৌরসভা ভবন, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ ও প্রেসক্লাব ভবনে করা হয়েছে রংয়ের কাজ। ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে লাখো মানুষের সমাবেশের জন্য প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ।
এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর জন্মভিটা গাবতলীর বাগবাড়ীতেও নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।
দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা ও রাজনৈতিক বৈষম্য কাটিয়ে এই অঞ্চলকে এগিয়ে নেওয়ার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছেন, তার এই সফরে তার প্রতিফলন ঘটবে বলে আশা করছেন স্থানীয়রা।