গাজীপুরের টঙ্গীতে সিটি কর্পোরেশনের সাম্প্রতিক উচ্ছেদ অভিযানের পরও আবার ফুটপাত দখল করে বসেছে হকাররা। এতে করে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
গত ৯ এপ্রিল গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত অভিযানে সড়কের পাশের সকল অবৈধ হকার উচ্ছেদ করা হয়। এসময় পুনরায় ফুটপাত দখল করলে দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
তবে অভিযানের কিছুদিন না যেতেই আবারও আগের অবস্থায় ফিরে গেছে টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে টঙ্গীর কলেজগেট এলাকায় সফিউদ্দিন সরকার একাডেমির সামনের ফুটপাতে গিয়ে দেখা যায়, আইনি নির্দেশনা উপেক্ষা করে হকাররা পুনরায় দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করছেন। ফুটপাতজুড়ে দোকান বসানো থাকায় পথচারীদের বাধ্য হয়ে সড়কে নেমে চলাচল করতে হচ্ছে।
হকারদের সঙ্গে কথা বললে তারা জানান, জীবিকার তাগিদেই তারা আবার ফুটপাতে বসেছেন। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই এভাবে ব্যবসা করছেন। অনেকের অভিযোগ, উচ্ছেদের সময় তাদের মালামাল নষ্ট হয়েছে, ফলে নতুন করে ব্যবসা শুরু করাই এখন একমাত্র উপায়।
অন্যদিকে, পথচারীরা অভিযোগ করে বলেন, ফুটপাত দখল হয়ে যাওয়ায় তাদের চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, অবৈধ দখলদারদের বিরুদ্ধে শিগগিরই পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে ধরপাকড় অব্যাহত থাকবে বলেও তিনি জানান।