ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেটকার থেকে বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় চকলেট উদ্ধারসহ দুই চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় উপজেলার টোলপ্লাজা এলাকা থেকে একটি প্রাইভেটকার আটক করা হয়।
পরে গাড়িটি তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিভিন্ন ব্র্যান্ডের মোট ৪ হাজার ৪২৮ পিস ভারতীয় চকলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চকলেটের মধ্যে রয়েছে—
নেসলে কিটক্যাট ১১০০ পিস, সফটার বার ৪০০ পিস, ডেইরি মিল্ক ৪৮০ পিস, স্নিকার্স ৭২০ পিস, বেনজো ব্র্যান্ডের ১১৮৮ পিস এবং মেন্টোস ৫৪০ পিস।
এ ঘটনায় প্রাইভেটকারসহ দুই চোরাকারবারীকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চৌধুরীপাড়া এলাকার দেওয়ান আনিছ (২৬) এবং আড়াইহাজার উপজেলার ব্রাহ্মনন্দী এলাকার নুরুজ্জামান (৪৪)।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।