বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১লা বৈশাখ) সকালে বাগেরহাট জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে বর্ষবরণের কার্যক্রম শুরু হয়।
গান শেষে স্টেডিয়ামের সামনে থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে গিয়ে শেষ হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে পাঁচদিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ। জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শোনুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
পাঁচদিনব্যাপী বৈশাখী মেলায় ২০টি স্টলে গ্রামীণ খাবার, সৌখিন পণ্য, পান্তা-ইলিশসহ নানা ধরনের পণ্যের পশরা সাজিয়ে বসেছেন মৌসুমি ব্যবসায়ীরা।
এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নববর্ষ উদযাপন, কারাগার, হাসপাতাল, শিশু পরিবার ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন, কারাগার ও শিশু পরিবারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি সুবিধাজনক সময়ে জেলা শিশু একাডেমি ও গণগ্রন্থাগারে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে।