নওগাঁর মান্দায় রাস্তা সংস্কার কাজে চরম অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে এলাকাবাসী। আজ রবিবার (১২ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার বালুবাজার মোড় হতে হাটোর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে অংশ নেওয়া হাটোর গ্রামের সাধারণ মানুষ অভিযোগ করেন, ২.৮ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা সংস্কারে ঠিকাদারি প্রতিষ্ঠান চরম দুর্নীতির আশ্রয় নিচ্ছে। পুরনো রাস্তার মালামাল নতুন করে ব্যবহার করা হচ্ছে যা নিয়মবহির্ভূত। স্থানীয়দের দাবি, রাস্তার কার্পেটিং শুরু হওয়ার আগেই হাত বা পা দিয়ে সামান্য ঘষা দিলেই উঠে যাচ্ছে খোয়া। বালুর পরিবর্তে অতিরিক্ত সুরকি ব্যবহারের ফলে রাস্তার স্থায়িত্ব নিয়ে গভীর সংশয় দেখা দিয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে বারবার বাধা দেওয়া হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছে।
এদিকে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন মান্দা এলজিইডি-র উপ-সহকারী প্রকৌশলী শাহিনুর রহমান। তিনি দাবি করেন, চলতি অর্থবছরে ৮১ লক্ষ ৬৮ হাজার ৫৪৫ টাকা ব্যয়ে এই প্রকল্পটির টেন্ডার প্রক্রিয়ায় পুরনো মালামাল ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। ঠিকাদার নিয়ম মেনেই কাজ করছেন। তার মতে, স্থানীয় কিছু ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে এবং রাস্তার পাশের একটি যাত্রী ছাউনি পর্যন্ত অতিরিক্ত কাজ করিয়ে নেওয়ার উদ্দেশ্যে এই বিভ্রান্তি ছড়াচ্ছেন। তবে তিনি আশ্বস্ত করেন যে, কাজ শেষ হওয়ার আগেই যাত্রী ছাউনি পর্যন্ত অংশটি মেরামত করে দেওয়া হবে।
সটঃ শাহীনুর রহমান ( উপ-সহকারী প্রকৌশলী মান্দা , নওগাঁ )
বিক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, সরকারি অর্থের অপচয় রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত হস্তক্ষেপ করতে হবে। অনিয়ম বন্ধ করে উন্নতমানের সামগ্রী দিয়ে টেকসই রাস্তা নির্মাণের মাধ্যমেই এই জনদুর্ভোগ লাঘব করার জোর দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।