তেল সংকট তীব্র: তিন উপজেলার চাপ, দীর্ঘ লাইনে ভোগান্তি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে। আতঙ্কজনিত অতিরিক্ত তেল ক্রয়, অবৈধ মজুত এবং পার্শ্ববর্তী এলাকার পাম্প বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরবরাহ স্বাভাবিক থাকলেও অতিরিক্ত চাহিদা ও কিছু অসাধু ব্যবসায়ীর মজুতদারির কারণে পাম্পগুলোতে দীর্ঘ সারি তৈরি হচ্ছে।
এদিকে, পার্শ্ববর্তী শ্রীবরদী ও দেওয়ানগঞ্জ উপজেলার বেশ কয়েকটি ফিলিং স্টেশন বন্ধ থাকায় ওইসব এলাকার মানুষ বকশীগঞ্জের পাম্পগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। বর্তমানে বকশীগঞ্জে মূলত মেসার্স পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশন থেকেই তেল সরবরাহ করা হচ্ছে। এতে করে বকশীগঞ্জসহ আশপাশের তিন থানার মানুষের চাপ একসাথে এই একটিমাত্র পাম্পে পড়ছে।
সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন পাম্পটিতে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেই তেল পাচ্ছেন না। এতে ক্ষোভ বাড়ছে মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষের মধ্যে।
স্থানীয়দের দাবি, দ্রুত বন্ধ ফিলিং স্টেশনগুলো চালু, অবৈধ মজুতদারির বিরুদ্ধে ব্যবস্থা এবং সরবরাহ ব্যবস্থাপনা জোরদার না করলে সংকট আরও গভীর হতে পারে।