বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলা-এর তদন্ত কর্মকর্তা পিবিআই-ঢাকার পরিদর্শক মো. তরিকুল ইসলামকে আদালতে তলব করেছেন কুমিল্লার আদালত। মামলার তদন্তের অগ্রগতি জানতে আদালতের নির্দেশে সোমবার (৬ এপ্রিল) তাকে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এদিকে কুমিল্লার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (১নং আমলী) বিচারক সোঃ মুমিনের আদালতে শুনানিকালে মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে তিনজনের ডিএনএ পরীক্ষার রিপোর্ট গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে, যা তদন্তে নতুন অগ্রগতি আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মামলার বাদী ও তনুর বাবা ইয়ার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায় ১০ বছরেও হত্যাকাণ্ডের বিচার হয়নি। অসংখ্যবার বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সুরাহা পাননি তিনি। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের আমলে যেন এই মামলার বিচার সম্পন্ন হয় এবং দোষীরা শাস্তির মুখোমুখি হয়।
তিনি আরও জানান, দেশের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া-এর সঙ্গে সাক্ষাৎ করে মেয়ের হত্যার বিচার দাবি করতে চান।