ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ।
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৯ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপি’র একটি টহলদল অভিযান পরিচালনা করে। এসময় দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০৬১/৪-এস এর শূন্য লাইন থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ তেতাভূমি এলাকায় বিশেষ অভিযানে এসব শাড়ি জব্দ করা হয়।
অভিযানে মোট ৬৯৩ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৫৮ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি’র দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
জব্দকৃত চোরাচালান পণ্য কুমিল্লা কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।