ঠাকুরগাঁও প্রতিনিধি: মার্কিন সাম্রাজ্যবাদ ও আমেরিকার সঙ্গে সম্পাদিত সকল ‘জনস্বার্থবিরোধী’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা সিপিবির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঠাকুরগাঁও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরাস্তায় এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সিপিবির নেতৃবৃন্দ মার্কিন আগ্রাসনের তীব্র সমালোচনা করে বলেন, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় বিতর্কিত ও জনস্বার্থবিরোধী সকল চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে।
এ সময় বক্তব্য রাখেন সিপিবি নেতা অ্যাডভোকেট আবু সায়েম, চৌধুরী আনোয়ার হোসেন, মর্তুজা আলম, রেজওয়ানুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের মতামত উপেক্ষা করে কোনো সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে অসম চুক্তি দেশবাসী মেনে নেবে না।
মিছিল ও সমাবেশে সিপিবির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা অংশ নেন।