ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পরিবেশ দূষণের অভিযোগে দুটি শিল্পপ্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা এলাকায় অভিযান চালিয়ে মেসার্স আনোয়ার সোর্টার মিল এন্ড এগ্রো ফুড এবং রজনীগন্ধা এগ্রো ফুড ইউনিট–২ নামের দুটি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠান দুটি ছাই ও তুষ দিয়ে জলাধার ভরাট করছে, কারখানার দূষিত পানি সরাসরি খালে নিঃসরণ করছে এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিয়ে বায়ুদূষণ ঘটাচ্ছে। এছাড়া ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি পরিচালনার ফলে শব্দ দূষণও সৃষ্টি হচ্ছিল।
এসব অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৬(ঙ), বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫ লঙ্ঘনের দায়ে পৃথক দুই মামলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে মেসার্স আনোয়ার সোর্টার মিল এন্ড এগ্রো ফুডকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং রজনীগন্ধা এগ্রো ফুড ইউনিট–২ কে ২ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন আশুগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাখিবুল হাসান। আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া জানান, পরিবেশ দূষণকারী কারখানাগুলোকে নিয়মিত মনিটরিং করা হবে এবং অপরাধ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।