বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির সংসদ সদস্যদের (এমপি) নিয়ে বৈঠকে বসেছেন। বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে এগারোটায় জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার কক্ষে এ বৈঠক শুরু হয়। জামায়াতে ইসলামীর এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, কিছুক্ষণ আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার কক্ষে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের নিয়ে বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফ করা হবে।
বৈঠকে জামায়াতে ইসলামী ও তার জোট শরিক সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনকে সামনে রেখে সংসদে দলের ভূমিকা, বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক বিষয় এবং অধিবেশনকে কেন্দ্র করে করণীয় নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হচ্ছে। তবে এতে কে সভাপতিত্ব করবেন তা এখনও নির্ধারণ হয়নি। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন, সে সিদ্ধান্তও আসেনি। জুলাই সনদ অনুযায়ী প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ডেপুটি স্পিকার দেবে কিনা, তাও নির্ধারণ হয়নি।
এসব বিষয়ে আজ (বুধবার) ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক হবে। জাতীয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং সভাপতিত্ব নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে। সাধারণত ক্ষমতাসীনদের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার হন।
যদিও এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। তবে তারা পদটি নেবে কিনা, তা নিশ্চিত নয়। বিরোধী দলের বৈঠকও আজ অনুষ্ঠিত হচ্ছে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।