মাগুরায় খুচরা সার বিক্রেতাদের জোরালো মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
টি.ও লাইসেন্স স্থগিতের সিদ্ধান্তকে ‘অযৌক্তিক ও কৃষকবিরোধী’ আখ্যা দিয়ে মাগুরায় জোরালো মানববন্ধন কর্মসূচি পালন করেছেন খুচরা সার বিক্রেতারা। মঙ্গলবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে আয়োজিত এ মানববন্ধনে জেলার দুই শতাধিক ব্যবসায়ী অংশ নিয়ে তাদের ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের সরকারি নীতিমালা অনুযায়ী উপজেলা পর্যায়ে খুচরা সার বিক্রয়ের অনুমতি ও ট্রেড অর্গানাইজেশন (টি.ও) লাইসেন্স প্রদান করা হয়। এর ফলে প্রান্তিক কৃষকরা দ্রুত ও সহজে সার সংগ্রহের সুযোগ পান এবং একচেটিয়া ব্যবসার দৌরাত্ম্য কমে আসে। কিন্তু ২০২৫ সালে এসে সেই নীতিমালার খসড়া অনুমোদন স্থগিত করায় মাঠপর্যায়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
মাগুরা জেলা খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী বক্তব্যে বলেন, বছরের পর বছর কৃষকদের সঙ্গে লেনদেন ও আস্থার সম্পর্ক গড়ে উঠেছে। হঠাৎ করে ডিলার পরিবর্তন করা হলে ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিকভাবে ধ্বংসের মুখে পড়বেন এবং কৃষকরাও সময়মতো সার না পেয়ে বিপাকে পড়বেন।
বক্তারা আরও বলেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে কৃষি খাতে নেতিবাচক প্রভাব পড়বে এবং প্রান্তিক পর্যায়ে সার সরবরাহ ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাই অবিলম্বে ২০০৯ সালের নীতিমালা বহাল রেখে টি.ও লাইসেন্স পুনর্বহালের জোর দাবি জানান তারা।
মানববন্ধন শেষে ব্যবসায়ীরা মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন। দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।