জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার জরুরি অপারেশন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।
স্বামীর ভেরিফায়েড ফেসবুক পোস্ট থেকে জানা যায়, গত ২৩ তারিখ হঠাৎ গাইনোকোলজিকাল জটিলতার কারণে তাকে তাৎক্ষণিক অপারেশন করতে হয়। অপারেশনের আগে তিনি প্রায় শক অবস্থায় ছিলেন এবং পেটের ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে চিকিৎসক ও স্বজনদের সহায়তায় এবং রক্তদাতাদের সহযোগিতায় সংকট সামাল দেওয়া সম্ভব হয়।
অপারেশনের পরও কিছু জটিলতা দেখা দেয়। বর্তমানে তিনি পোস্ট-অপারেটিভ ফুসফুস সংক্রমণসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। তার রিপোর্টে সেপটিসেমিয়ার লক্ষণ, ডি-ডাইমার, লিভার এনজাইম, সিআরপি ও ডব্লিউবিসি বৃদ্ধি এবং নিউট্রোফিলিয়া দেখা গেছে। তিনি বর্তমানে ইনসুলিন নির্ভর উচ্চ রক্তশর্করা অবস্থায় আছেন এবং অক্সিজেন সাপোর্ট ছাড়া তার অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে। চিকিৎসকদের মতে, কিছু সূচক উন্নতি করলেও এখনো তিনি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নন। এ কারণে আপাতত কোনো দর্শনার্থী অনুমোদন করা হচ্ছে না।