তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল সার্কিট হাউজে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকার গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক ও যুগোপযোগী কাঠামোর মধ্যে আনতে চায়। তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় গণমাধ্যমে যে ব্যাপক পরিবর্তন এসেছে, তার সঙ্গে তাল মিলিয়ে নীতিমালা ও ব্যবস্থাপনায় সংস্কার আনা জরুরি।
মন্ত্রী জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রতিষ্ঠার সময় বর্তমানের মতো ডিজিটাল ও অনলাইনভিত্তিক গণমাধ্যমের বিস্তার ছিল না। ফলে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সমন্বয়ে কিছু সীমাবদ্ধতা তৈরি হয়েছে। এ বাস্তবতায় সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা করে ধাপে ধাপে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, স্বাধীনতা ও জবাবদিহিতা একে অপরের পরিপূরক। সরকার এমন একটি পরিবেশ চায়, যেখানে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং একইসঙ্গে পেশাগত মানদণ্ড বজায় থাকবে।
মন্ত্রী আরও বলেন, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার একটি সুস্পষ্ট কাঠামো নির্ধারণ করে জনগণের অবাধ তথ্যপ্রাপ্তি নিশ্চিত করা হবে।
এর আগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে ৬১ জন ক্ষতিগ্রস্তের মাঝে মোট ২ কোটি ১৭ লাখ টাকার অনুদান প্রদান করা হয়, যা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর তহবিল থেকে দেওয়া হয়। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।