নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলায় ব্যতিক্রমী উদ্যোগে প্রতিদিন ‘২ টাকায় ইফতার’ কিনতে পারছেন ২০০ অসহায় ও নিম্ন আয়ের মানুষ। প্রতীকী মূল্যে ইফতার পেয়ে খুশি সুবিধাবঞ্চিতরা।
রমজান মাসজুড়ে প্রতিদিন বিকেলে মাইজদীর বড় মসজিদ মোড় এবং বেগমগঞ্জের একলাশপুর বাজারে এই আয়োজন করছে স্বেচ্ছাসেবী সংগঠন নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স।
সংগঠনটির পরিচালক সাইদুর রহমান রায়হান বলেন, “আমরা মূলত সাইবার সমস্যা নিয়ে কাজ করি। তবে রমজানে অসহায়দের কথা চিন্তা করে দুটি স্টলে দুই টাকার বিনিময়ে ইফতার দিচ্ছি। এর আগে করোনাকালে খাদ্য বিতরণ ও শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ করেছি।”
তিনি আরও জানান, বিনামূল্যে ইফতার দিলে অনেকে লজ্জায় নিতে আসেন না। তাই প্রতীকী মূল্য দুই টাকা নির্ধারণ করে প্রতিদিন ২০০ জনের কাছে ২০০ প্যাকেট ইফতার বিক্রি করা হচ্ছে। স্বেচ্ছাসেবকদের টিফিনের জমানো টাকা ও সমাজের দানশীল ব্যক্তিদের অনুদানে এই কর্মসূচির ব্যয় বহন করা হয়। গত চার বছর ধরে তারা এ কার্যক্রম চালিয়ে আসছেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে বিস্তারের পরিকল্পনা রয়েছে।
প্রতি প্যাকেটে ছোলাবুট, পেঁয়াজু, আলুর চপ, খেজুর, বেগুনি, মুড়ি ও জিলাপি দেওয়া হয়। প্রতিটি প্যাকেট প্রস্তুতে ব্যয় হয় প্রায় ৫০ টাকা। অসহায়দের সহায়তায় যে কেউ সংগঠনটির পাশে দাঁড়াতে পারেন।
স্বেচ্ছাসেবকদের মধ্যে পরিচালক সাইদুর রহমান রায়হান ছাড়াও সহ-পরিচালক ইয়াসিন আরাফাত, আহ্বায়ক তানজিদ আহমেদ, দপ্তর সম্পাদক কারিম হাওলাদার ও যুগ্ম সদস্য সচিব সামিন সিহাবসহ অনেকে যুক্ত রয়েছেন।
উল্লেখ্য, নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স দীর্ঘদিন ধরে সাইবার অপরাধ প্রতিরোধে কাজ করে আসছে। হ্যাকারদের কবল থেকে ফেসবুক আইডি উদ্ধার, অযাচিত ছবি-ভিডিও অপসারণসহ বিপদে পড়া ব্যক্তিদের সহায়তায় সক্রিয় ভূমিকা রাখছে সংগঠনটি।