বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে পরিবর্তনকে ‘স্বাভাবিক প্রক্রিয়া’ হিসেবে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নতুন সরকার ক্ষমতায় এলে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসাই স্বাভাবিক।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এদিন দুপুরে চার বছর মেয়াদে মোস্তাকুর রহমান-কে বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
এর আগে গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছিলেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। অন্তর্বর্তী সরকারের আমলে তিনি নিয়োগ পান। বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই তাকে সরিয়ে দেওয়ার কারণ জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “এর বিশেষ কোনো কারণ নেই। নতুন সরকারে অনেক কিছুরই পরিবর্তন হবে। এখানেও পরিবর্তন হয়েছে। এটা নতুন কিছু না। আরও অনেক জায়গায় পরিবর্তন হবে। এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া।”
সরকারের এই সিদ্ধান্তে আর্থিক খাতে নতুন নীতিগত দিকনির্দেশনা আসতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।